৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল দেশের মানুষ। ‘বাংলাদেশ ২.০’ নামে পরিচিত সেই স্বপ্ন রঙ তুলিতে ফুটে উঠেছিল দেশের নানা প্রান্তের দেয়ালে দেয়ালে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু সময় পার হলেও কাঙ্ক্ষিত সংস্কারের বাস্তব রূপ এখনো অধরা — এমন হতাশা ও আশার মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
\r\nশনিবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি দেয়াল লিখনের ছবি পোস্ট করেন তিনি। ছবিটির ক্যাপশনে তিনি স্মরণ করিয়ে দেন নতুন বাংলাদেশের স্বপ্ন ও তা ঘিরে জনগণের প্রত্যাশার কথা।
\r\nডা. তাসনিম লেখেন, “গত কয়েক সপ্তাহে নানা সময়ে মনে হয়েছে, সংস্কার কার্যক্রম যেন থমকে যাচ্ছে। ৫ আগস্টের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছিল; তা আদৌ বাস্তব হবে কি না, এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।”
\r\nতিনি জানান, শনিবার ভোর ৬টায় পাহাড়তলী এলাকায় হঠাৎ চোখে পড়ে একটি দেয়াল লিখন, যেখানে লেখা ছিল: \"স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো\"। এই লেখাটিই তার মনে জাগিয়ে তোলে আন্দোলনের সময়ের সেই উৎসাহ আর প্রত্যয়।
\r\nতার ভাষ্য, “জুলাইয়ের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া এমন দেয়াল লিখন ছিল সাহস আর সম্ভাবনার প্রতীক। সেই কথাগুলো আজ আবার মনে পড়লো। আশা অপেক্ষার বিষয় নয়, এটি টিকে থাকে মানুষের স্মৃতিতে, রাস্তায়, সংগ্রামে।”
\r\nপোস্টের শেষাংশে আশাবাদী সুরে তিনি লেখেন, “বাংলাদেশ ২.০ এখনো সম্ভব, যদি আমরা জুলাইয়ের সেই সময়কে ভুলে না যাই।”
\r\nতাসনিম জারার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, হতাশা সত্ত্বেও তার এমন আশাবাদী কণ্ঠ নতুন করে অনুপ্রেরণা দিচ্ছে সংস্কার প্রত্যাশীদের।





